Header Ads Widget

জাল নোটে প্রতারিত সেই রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

 

জাল নোটে প্রতারিত সেই রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

কুরবানির ঈদে রাজধানীর দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল নোটে প্রতারিত হওয়া নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিনের পাশে দাঁড়িয়েছিলেন দেশবরেণ্য চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার সেই বৃদ্ধের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে তার গ্রামের বাড়ি পাকুরিয়ায় গেলেন এই জনপ্রিয় অভিনেত্রী।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায়, তিনি রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করছেন, আর রইস উদ্দিন নিজেই তাকে স্বাগত জানাচ্ছেন। এ সময় আশপাশের মানুষজন প্রিয় নায়িকাকে একনজর দেখতে ভিড় করেন।


লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন- ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ এই পোস্টে মুহূর্তেই সাড়া দেন তার ভক্ত-অনুরাগীরা। একজন মন্তব্য করেন, ‘ভালোবাসার একটা মানুষ,’ আরেকজন লেখেন, ‘আপনাকে চলনবিলে স্বাগতম।’

উল্লেখ্য, গত কুরবানির ঈদে ঢাকার দিয়াবাড়ি হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করে ১ লাখ ২৩ হাজার টাকা পান রইস উদ্দিন। পরে দেখা যায়, এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই জাল। প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়া রইস উদ্দিনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।


আরও পড়ুন: ঘাতকের স্বীকারোক্তিতে আবর্জনার নিচে মিলল শিশুর মরদেহ


পরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন তাকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেয়। এরপর অভিনেত্রী অপু বিশ্বাসের অর্থায়নে গত ২৫ জুলাই রইস উদ্দিন সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন।


দেশে ফেরার পর রইস উদ্দিন অপু বিশ্বাসকে নিজ গ্রামে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই মঙ্গলবার তিনি হাজির হন নাটোরের সিংড়ার পাকুরিয়ায়। এই সময় কথা প্রসঙ্গে পাশের একটি নির্মাণাধীন জামে মসজিদের টাইলস লাগানোর খরচও

 প্রদান করেন অপু বিশ্বাস। তার এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মাঝে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে। এছাড়া বেশ কিছু অনুদানের প্রতিশ্রুতি দেন বলেও জানান স্থানীয়রা।


Post a Comment

0 Comments