Header Ads Widget

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ছেলে খুন, বাবা আহত

 


চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মেরাজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা তৈয়ব আলী (৫০) গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই হামলাকারীকে আটক করেছে।


জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের তৈয়ব আলীর সঙ্গে একই গ্রামের দুখু মিয়ার ছেলে বাবুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে তুফান মিয়ার গোডাউনের কাছে বাবু আরও ২-৩ জনকে সঙ্গে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মেরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মেরাজের মৃত্যু হয়।


পরে স্থানীয়রা খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহত তৈয়ব আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার পর পরই হামলাকারী বাবু ও রাজীব পালানোর চেষ্টা করলে পাশের একটি মাঠ থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Post a Comment

0 Comments