Header Ads Widget

গাজীপুরে গুলি ছুড়ে ককটেল বিস্ফোরণ, ২৫ লাখ টাকা ছিনতাই

 


গাজীপুরের বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা এজেন্ট পয়েন্টের ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এখন পর্যন্ত ঘটনায় জড়িতদের সন্ধান ও কাউকে ধরতে পারেনি পুলিশ।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এজেন্টের পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং চোখের পলকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের এই ঘটনায় ভুক্তভোগীর শারীরিকভাবে অক্ষত থাকলেও, প্রচণ্ড আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। অপরাধীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, এজেন্ট পয়েন্টের ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments