Header Ads Widget

ঝিনাইদহে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

 


ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভায় আসার পথে তার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের সমর্থকদের দায়ী করেছেন আহতরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী, আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, আহতদের মধ্যে আনোয়ার হোসেন কালুর দুই হাত ও বাম পা ভেঙে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুল মাঠে আমার প্রথম নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় যোগ দিতে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় আমার সমর্থকদের ওপর ধানের শীষের প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমার দুই সমর্থক গুরুতর আহত হয়েছেন।’

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ-সদর আংশিক) ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি না সেটিও নিশ্চিত নই। আমি খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এস বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাইফুল ইসলাম ফিরোজ। তবে সেখানে রাশেদ খাঁনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। এরপর নির্বাচনী মাঠে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে সরব হন ফিরোজ। এ পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে ফিরোজকে বহিষ্কার করে বিএনপি। 

Post a Comment

0 Comments