মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির অভিযোগে দুই যুবকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুই যুবক গরুচোর চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করছেন স্থানীয়রা। অন্যদিকে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দশানী গ্রামের মজনু মিয়া (২৭) ও ছয়আনি গ্রামের দীন ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে পাঁচজনের একটি চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়ির গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করে। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। চক্রের তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও মজনু মিয়া ও দীন ইসলামকে ধরে ফেলেন বিক্ষুব্ধ জনতা। সেখানে উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, গত তিন বছর ধরে এই চক্রটি এলাকায় অতিষ্ঠ করে তুলেছিল। এর আগেও তাদের ধরে পুলিশে দেওয়া হয়েছিল,কিন্তু জামিনে বেরিয়ে তারা আবারও একই কাজ শুরু করে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অবস্থায় তারা তাদের অন্য সহযোগীদের নাম প্রকাশ করেছে।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত দুজনের নামেই থানায় একাধিক চুরির মামলা রয়েছে এবং তারা তালিকাভুক্ত অপরাধী ছিলেন।

0 Comments