হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাদির স্ত্রী, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবির এবং সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ে যমুনার সামনে অবস্থান করছেন।
যমুনা অভিমুখী সড়ক বন্ধ, ইন্টারকন্টিনেন্টালে উত্তেজনা
বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের আরও সদস্যরা যমুনার দিকে আসতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী যমুনা অভিমুখী সব সড়ক বন্ধ করে দেয়। এরপর নেতাকর্মীরা মিন্টো রোড থেকে ফিরে এসে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। এ সময় হাদি হত্যার বিচার চেয়ে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
জাতিসংঘের তদন্তের দাবি
বিক্ষোভকারীরা আরও দাবি করেন যে, হাদি হত্যার সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনে জাতিসংঘকে অনুরোধ জানাতে হবে। তারা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
প্রেক্ষাপট: গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছিল, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

0 Comments