আগামীকালকের বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজধানীর ঢাকা-১৫ নির্বাচনী আসনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অত্র আসনের দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে অভিযোগ করেন, একটি গোষ্ঠী এখনো সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শন করে তাদের নির্বাচনী কার্যক্রম থামিয়ে দিতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা পেশীশক্তি ব্যবহার করছে তারা ভুলে যাচ্ছে যে এই জাতি 'জুলাই বিপ্লব' পেরিয়ে এসেছে।
জামায়াত আমীর আরও বলেন, সাধারণ মানুষের মনে দাঁড়িপাল্লা প্রতীক যেভাবে জায়গা করে নিয়েছে, তার প্রতিফলন আগামীকালকের ভোটেই ফুটে উঠবে। তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং ব্যালটের মাধ্যমে এই সহিংসতার জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে এবারের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক জনমত তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তে বুথ ভাঙচুরের এমন ঘটনা ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

0 Comments