Header Ads Widget

সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯

 


মুন্সীগঞ্জ সংবাদ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে কালাইচান মাদবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে চারজন টেঁটাবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইমরান (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) এবং রিয়াজুল (২০) টেঁটাবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় রিয়াজুল ও ইমরানকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সংঘর্ষের কারণ: স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইচান মাদবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নির্বাচনকে সামনে রেখে নতুন করে চরম আকার ধারণ করে। দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ কাজ করতে গেলে কালাইচান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, এই হামলায় হাবি, জহিরুদ্দিন, সেলিম, রিফাত সাওন ও সুজনসহ আরও বেশ কয়েকজন অংশ নেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।

Post a Comment

0 Comments