ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্বাচনী বিরোধের জেরে এক জামায়াত কর্মীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই কর্মীর দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলা এবং তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবদল কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
আহত নুরুল আবছারকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত বিচার দাবি করা হয়েছে।

0 Comments