Header Ads Widget

রায়পুরে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, প্রতিবেশী ৩ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে কানিজ ফাতেমা নামের দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত কানিজ ফাতেমা ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির মেয়ে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী তোফায়েল আহাম্মেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় কানিজ। ওইদিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতর যেতে দেখেছিলেন অনেকে। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অপহরণ মামলার তদন্তে মিলল মরদেহ

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, শিশুটি নিখোঁজের পর তার মা জান্নাতুল ফেরদৌস মেরিন বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন। মামলায় প্রতিবেশী তোফায়েলসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, পুলিশ মামলার তদন্ত করতে গিয়ে তোফায়েলের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক তল্লাশি করে। সেখানে তল্লাশি চালালে নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ দ্রুত অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেড় বছরের ছোট্ট শিশুর এমন নৃশংস হত্যাকাণ্ডে চরমোহনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments