নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় নিখোঁজ মাহবুবুরের ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। তিনি গহরদী ভোটকেন্দ্রের নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, "মাহবুবুর রহমান আমার গুরুত্বপূর্ণ নির্বাচনী এজেন্ট ছিলেন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি এবং আমাদের নেতাকর্মীরাও খোঁজ নিচ্ছেন।"
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments