নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে অবস্থিত নীলা মার্কেট চত্বরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, "ভোর সোয়া ৫টার দিকে সংবাদ পেয়ে আমাদের চারটি ইউনিট কাজ শুরু করে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন চারদিকে বেশি ছড়াতে পারেনি। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।"
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্য এবং রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।


0 Comments