ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কার্যালয় ভাঙচুর করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলটির কিছু নেতাকর্মী আকস্মিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সংক্রান্ত একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর ৪ আগস্ট থেকেই এই অস্থায়ী কার্যালয়টি বন্ধ ছিল। দীর্ঘ সময় পর হঠাৎ পতাকা উত্তোলনের এই ঘটনাকে উস্কানিমূলক হিসেবে দেখছেন বিরোধী রাজনৈতিক কর্মীরা। তবে এ সময় কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


0 Comments