আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের লিটন মিয়ার জমির ওপর ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বাঁধা হয়। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামানোর পর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments