শরীয়তপুরের নড়িয়ায় নগদ ৭ লাখ ২০ হাজার টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈশাখীপাড়া এলাকায় জামায়াত কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস জানান, "ইউএনও স্যারের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। উদ্ধারকৃত অর্থ ও খামগুলো থেকে নির্বাচনী প্রভাব বিস্তারের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। আইন অনুযায়ী একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।"
এদিকে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইন আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোলাম মোস্তফা একজন শিক্ষক এবং দলের একনিষ্ঠ কর্মী। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটেছে তা তারা খতিয়ে দেখছেন।

0 Comments