Header Ads Widget

পটুয়াখালীর দুমকিতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, এলাকায় আতঙ্ক

 


নির্বাচনী সংবাদ

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সাইক্লোন শেল্টারের ভোটকেন্দ্রে টায়ারে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে তা ভোটকেন্দ্রের জানালার ভেতর দিয়ে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম বলেন, "মসজিদ থেকে কিছু মুসল্লি আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। ভোটকেন্দ্রে আতঙ্ক ছড়াতেই এই হামলা করা হতে পারে।"

ঘটনার পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হলেও প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "দুর্বৃত্তরা ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করলেও তেমন ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এলাকার ভোটকেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

Post a Comment

0 Comments