Header Ads Widget

ছাত্রীকে ‘চুমু’ দেওয়ায় শিক্ষককে পেটাল ছাত্রদল

 


বরিশাল সংবাদ

বরিশালের উজিরপুরে ছাত্রীকে শ্লীলতাহানির কথিত অভিযোগে এক শিক্ষককে বাজারে আটকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উজিরপুর উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মারধরের শিকার শিক্ষকের নাম উত্তম কুমার। তিনি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি অভিযোগ করেন, বাদশা তালুকদার, রিয়ান তালুকদার ও আইয়ুব আলীসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

বিজ্ঞাপন
শিক্ষকের দাবি: উত্তম কুমার অনৈতিক কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, "ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের কথাবার্তা চলছে। একটি ব্যক্তিগত বিষয়কে পুঁজি করে পরিকল্পিতভাবে আমাকে মারধর করা হয়েছে।"

হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ফরাজী জানান, উত্তম তাঁর বন্ধু। মারধরের সময় তিনি তাঁকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হয়েছেন। তিনি জানান, হামলাকারীরা স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশ দেখেছে এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হারতা এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments