মাধবদীতে কিশোরীকে তুলে নিয়ে হত্যার অভিযোগ: বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে তাঁর বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মামলার পর স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ উঠেছে, মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান এই ঘটনার বিচার করার দায়িত্ব নিলেও তিনি অপরাধীদের সঙ্গে রফদফা করে অর্থ আত্মসাৎ করেন এবং ঘটনাটি ধামাচাপা দেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচজন যুবক মেয়েটিকে ছিনিয়ে নেয়। আজ সকালে পুলিশ সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ান, তাঁর ছেলে ইমরান দেওয়ান, মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এমন নৃশংস অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে।

0 Comments