কিশোরগঞ্জ-৬ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই হামলার ঘটনা ঘটেছে। ১১ দলীয় জোটের ‘রিকশা’ প্রতীকের নির্বাচনি প্রচারকালে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামলা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ
আহত আরিফুল ইসলাম অভিযোগ করে সংবাদমাধ্যমকে জানান, বিকেলে সুবিচারের মোড়ে নির্বাচনি প্রচার চালানোর সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়।
বিএনপি নেতার অস্বীকার ও প্রশাসনের বক্তব্য
তবে এ বিষয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তার দাবি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, “কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এই হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ভৈরব দুর্জয় মোড়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলি আহসান মুজাহিদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

0 Comments