Header Ads Widget

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু

 


ফেনী সংবাদ

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন এই জিডি দায়ের করেন।

বিজ্ঞাপন

ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জিডিতে জামায়াত নেতাদের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি দাগনভূঞার সিলোনিয়া বাজারে জামায়াতের এক সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ বিএনপি প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালাবেন? শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনাকে কী রেখে পালাতে হবে তা বলতে চাই না।"

নিরাপত্তাহীনতায় ভুগছেন মিন্টু

জিডিতে দাবি করা হয়েছে, মেজবাহ উদ্দিন সাঈদসহ অন্যান্য জামায়াত নেতারা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এর ফলে আবদুল আউয়াল মিন্টু তার সম্মানহানি এবং জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতির প্রতিকার ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, "বিএনপি প্রার্থীর প্রতিনিধির মাধ্যমে করা সাধারণ ডায়েরিটি পুলিশ গ্রহণ করেছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ আসনে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যকার এই বিরোধে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Post a Comment

0 Comments