রাজধানীর বাংলামোটর এলাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর পুলিশ অতর্কিত লাঠিচার্জ ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।
এমআরএ-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে বাংলামোটর মোড়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশ সদস্য জাহিদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এমআরএ মনে করে, এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা সৃষ্টি করেছে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) মনে করে, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।

0 Comments