সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাকের ধাক্কায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দেওভোগ গৌরবান্দা কবরস্থান এলাকার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের মেয়েসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন— তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।
চিকিৎসার উদ্দেশ্যে যাওয়াই শেষ যাত্রা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জালাল উদ্দীন ও তার স্ত্রী অসুস্থতার চিকিৎসার জন্য অটোরিকশাযোগে রায়গঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে দেওভোগ গৌরবান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
আহতদের পরিচয়
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন— ভ্যানচালক মগরফ হোসেন, নিহত জালাল উদ্দীনের মেয়ে ফরিদা খাতুন, মেহের আলীর মেয়ে মনোয়ারা খাতুন এবং ধলজান গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যুর সংবাদে দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে শোকের মাতম চলছে।

0 Comments