যশোরের অভয়নগরে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার হাড়িভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার সাগর বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ট্রাক হেলপার।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর গত দুই মাস ধরে অভয়নগরের আমডাঙ্গা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে তিনি বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে গেলে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


0 Comments