Header Ads Widget

হালদা নদী থেকে নিখোঁজ সাব্বিরের মরদেহ উদ্ধার: ৫৮ ঘণ্টা পর মিলল সন্ধান

 


মর্মান্তিক সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে ওরশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে হালদা নদীতে ঝাঁপ দেওয়া যুবক মো. সাব্বিরের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৫৮ ঘণ্টা পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ছায়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মদুনাঘাট নৌপুলিশ।

নিহত সাব্বির রাউজানের উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে। গত শনিবার দিবাগত রাতে উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরশ থেকে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
ঘটনার নেপথ্যে: ওরশ মেলায় দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটির জেরে মধ্যরাতে নদীর মাঝখানে নৌকায় হামলা চালায় এক পক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে জীবন বাঁচাতে তিনিসহ তিনজন নদীতে ঝাঁপ দেন। অন্য দুজন তীরে উঠতে পারলেও সাব্বির হালদার স্রোতে তলিয়ে যান।

সাব্বিরের সঙ্গী মারুফ জানান, নদীতে ঝাঁপ দেওয়ার পর সাব্বির মৃদু স্বরে বলেছিলেন তিনি আর পারছেন না, এরপরই তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে স্থানীয়রা ছায়ারচরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। মদুনাঘাট নৌপুলিশের এসআই মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। এদিকে সাব্বিরের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments