Header Ads Widget

চৌদ্দগ্রামে থানার পাশেই দুর্ধর্ষ চুরি: স্কুল ও একাধিক দোকানে লুটপাট

অপরাধ সংবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে থানার মাত্র একশ থেকে তিনশ গজের মধ্যে এক রাতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সংঘবদ্ধ চোরচক্রের এই তৎপরতায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, লাকসাম রোড এলাকায় অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের তালা ভেঙে ৭টি বৈদ্যুতিক পাখা নিয়ে গেছে চোররা। এছাড়া বাজারের দক্ষিণ কারস্ট্যান্ডের মালেক মোটরসের পেছনের টিন কেটে নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে। একই রাতে মাহমুদ সাইদ স্টোরসহ আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
ব্যবসায়ীদের অভিযোগ: স্থানীয় ব্যবসায়ীরা জানান, এলাকায় ইয়াবা সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুলের পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু জানান, মাদকাসক্তদের কারণেই চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে।

মালেক মোটরসের মালিক আবদুল কুদ্দুস জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে যাওয়ার পর চোরচক্র পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে। দোকানগুলো থেকে সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা খোয়া গেছে বলে দাবি ভুক্তভোগীদের।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাওসার হোসেন চুরির খবরের সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি আমরা শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় টহল জোরদার করা হবে।"

থানার এত কাছে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments