নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগমও গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সব হারিয়ে নিঃস্ব পরিবার
স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি আতিয়া ও তার শিশু সন্তান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments