কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজারস্থ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
তাঁর ফেসবুক আইডিতে দেখা যায়, মৃত্যুর কিছুক্ষণ আগেই তিনি লিখেছিলেন, ‘আমরা ক্ষমতার জন্য জামায়াত ইসলামী করি না। হেরে যাওয়ার পরও শিবির আলহামদুলিল্লাহ’। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই স্বজনরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। রেলপথে চলাচলে অসতর্কতার কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

0 Comments