কিশোরগঞ্জে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মডেল থানা মসজিদের ইমাম নিহত
কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে শহরের জজ কোর্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্রোগে আক্রান্ত হতে পারেন। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

0 Comments