Header Ads Widget

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর মাইকিং

 

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর মাইকিং

সিরাজগঞ্জ প্রতিনিধি | ৭ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে রফিকুল ইসলাম নামে এক ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার ইজিবাইক ও সর্বস্ব ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চায়না বাঁধ এলাকা থেকে তাকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের মৃত নূর হোসেন আলীর ছেলে।

বিজ্ঞাপন

নিখোঁজ স্বামীর জন্য স্ত্রীর মাইকিং

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইজিবাইক নিয়ে কাজে বের হওয়ার পর থেকে রফিকুল নিখোঁজ ছিলেন। সারারাত বাড়ি না ফেরায় শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করে কামারখন্দ থানায় অভিযোগ জানায় তার পরিবার। স্বামীকে খুঁজে পেতে স্ত্রী পাপিয়া খাতুন ব্যাকুল হয়ে দেবরকে সঙ্গে নিয়ে এলাকায় দিনভর মাইকিংও করেন।

উদ্ধারের সময় রফিকুলের সঙ্গে থাকা ইজিবাইক, মোবাইল ফোন, টাকা এমনকি পরনের শার্টটিও ছিল না। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে পালিয়ে যায়।

সন্দেহের বশেই চায়না বাঁধে সন্ধান

ভিকটিমের চাচাতো ভাই বেলাল হোসেন জানান, এর আগেও চায়না বাঁধ এলাকায় এ ধরনের অচেতন চালককে উদ্ধারের ঘটনা ঘটেছিল। সেই সন্দেহের ভিত্তিতেই তারা সেখানে খুঁজতে যান। বাঁধের গেটে ঢুকতেই রফিকুলকে উদভ্রান্তের মতো হাঁটতে দেখে তারা উদ্ধার করেন।

বিজ্ঞাপন

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিখোঁজ চালককে অচেতন অবস্থায় উদ্ধারের খবর পুলিশ পেয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার জ্ঞান ফিরেছে। এই অজ্ঞান পার্টির চক্রের সঙ্গে কারা জড়িত, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

উল্লেখ্য, এলাকায় ইদানিং অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

0 Comments