Header Ads Widget

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষ: খাদে পড়ল বাস, আহত ১৯

 


সড়ক দুর্ঘটনা

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

উদ্ধার তৎপরতা: খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

১৯ জন হাসপাতালে, একজনের অবস্থা গুরুতর

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত ১৯ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাহাত নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জন স্থানীয়দের সহায়তায় হাসপাতালে আসেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments