Header Ads Widget

নড়িয়ায় পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ভিডিও ভাইরাল: মূলহোতাসহ গ্রেপ্তার ৩

 


নড়িয়ায় পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ভিডিও ভাইরাল: মূলহোতাসহ গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি ট্রলারযোগে বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাতভর পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চালায় নড়িয়া থানা পুলিশ। অভিযানে অভিযুক্ত মূলহোতা সোহাগ বেপারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
আটককৃতরা হলেন: নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার সোহাগ বেপারি (৩৮), কানারগাঁও এলাকার রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নড়িয়ার নদীপথে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না দিলে নৌযান আটকে রাখা বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতেন না। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

নদীপথে চলাচলকারী পণ্যবাহী নৌযানের মালিকরা জানিয়েছেন, প্রশাসনের এই কঠোর অবস্থানে তাঁরা সন্তুষ্ট। নিয়মিত টহল ও নজরদারি বজায় থাকলে নদীপথে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

Post a Comment

0 Comments