গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী প্রচার মিছিলের সময় হঠাৎ গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোন্ডা রোড এলাকায় গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির মিছিল চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর দগ্ধ ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
মুহূর্তেই রণক্ষেত্র হোন্ডা রোড
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনির পূর্বনির্ধারিত মিছিলে অংশ নিতে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। মিছিলটি হোন্ডা রোডের বিএনপি অফিসের সামনে পৌঁছালে সেখানে ওড়ানোর জন্য রাখা বিপুল পরিমাণ গ্যাস বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় নেতাকর্মীদের হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
চিকিৎসকদের বক্তব্য
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের অনেকের শরীরের ১৮ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে এবং ঝঁকি এড়াতে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।" এ ঘটনায় নির্বাচনী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

0 Comments