নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে এই ঘটনা ঘটে।
হামলার শিকার শ্যামলী সুলতানা জেদনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, "আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। সাথে থাকা আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে।"
এছাড়া বুড়িরচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে এনসিপির নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে বলেও দলটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। হাতিয়া ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি বলেন, "প্রার্থীর স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়েছে মাত্র। এখানে কাউকে মারধর বা হামলা করা হয়নি।"
ভোটের দিন প্রার্থীর পরিবারের সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ওচখালী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

0 Comments