Header Ads Widget

হাতিয়ায় বিটিভি সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখম, বাইকচালকও আহত

 


সাংবাদিকের ওপর হামলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও হামলার শিকার হয়ে আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
হামলাকারীদের পরিচয়: প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার 'পিচ্চি আজাদ'-এর অনুসারী। অভিযোগ রয়েছে, বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের হয়ে আজাদ ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর হাতিয়ার স্থানীয় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments