স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে প্রথমবার ভোট দিতে যাওয়ার 'অপরাধে' এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার তাঁর স্ত্রী বিবি জহুরাকে তালাক দিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার ওই এলাকার মৃত ইউসূফ হাজারীর ছেলে। এ অমানবিক ঘটনায় তিন সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন অসহায় জহুরা।
বিকেলে জহুরার ভোট দেওয়ার খবর লোকমুখে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তাঁকে মৌখিক তিন তালাক দেন কাওসার। এমনকি স্ত্রীকে নিজের ঘরে ঢুকতেও বারণ করেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। উত্তেজিত জনতা কাওসারকে ধরে উত্তম-মধ্যম দিলেও কৌশলে তিনি এলাকা থেকে পালিয়ে যান।
নির্বাচনের দিনে এমন একটি তুচ্ছ কারণে সংসার ভাঙার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

0 Comments