গাইবান্ধার পলাশবাড়ীতে এক যুবদল কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ব্যক্তির নাম কাকন (৩৫)। তিনি বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে এবং ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ দাবি করেছেন, আহত কাকন উপজেলা বিএনপির সভাপতি মারো সামাদের ভাগ্নে। তিনি এই হামলার জন্য জামায়াত-শিবিরের কর্মীদের দায়ী করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, "আহত ব্যক্তি যুবদল কর্মী বলে আমরা জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনার পর থেকে জুনদাহ বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, হঠাৎ কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়, ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

0 Comments