লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বড় ধরনের খাবারের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সত্যতা পাওয়ায় আয়োজক বিএনপি কর্মী শহীদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গণসংযোগ উপলক্ষ্যে ৩০০ লোকের আয়োজন
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, হাজিরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণসংযোগের কথা রয়েছে। এই গণসংযোগ সফল করতে কাজী কালেয়েতপুর এলাকায় তিন শতাধিক লোকের জন্য ধানের শীষের পক্ষে গণভোজের আয়োজন চলছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ জানান, "তিন শতাধিক লোকের জন্য প্রার্থীর পক্ষে এই খাবারের আয়োজনটি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করেছি এবং এ ধরনের আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছি।"
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

0 Comments